আছে গল্প, আছে হাজার রঙ মেশানো সুমধুর কথা-
আছে প্রকল্প, নেই শুধু সে গল্পে কোনো সরলতা ।
আছে পাতায় পাতায় চরিত্র, তবু সে গল্পটা খুব দরিদ্র;
মূলভাব নেই – আছে গল্প থেকে বেরুনোর অনেক ছিদ্র !
আছে পকেট ভর্তি টাকা, তবু চাহিদার ব্যাগটা ফাঁকা-
আদুরে রুনু-ঝুনুদের স্বপ্নগুলো আর হয়না বাস্তবে আঁকা ।
আছে বাক্সভরা বিনোদন, আছে যন্ত্রমাখা শিহরণ;
নেই শুধু সুখের অনুরণন – আছে সুখের অনুকরণ ।
আছে নৃত্য, আছে সে নৃত্যের তালে তালে কত ছন্দের লয়-
মন দুর্বৃত্ত, হেসে করে খুন নিজেকে, লাগে ভীষণ ভয়, বিস্ময় !
হাসি যেনো হাসি নয়, ঠোঁটের কোণে লুকানো ’অভিনয়’-
দুর্বোধ্য এ লম্ফন – ক্লান্ত হৃদয় বলে, ‘অনুরোধ সবিনয়’।
আছে পৃথিবী ভর্তি মানুষ, নেই সে বীরাঙ্গনা, বীর সুপুরুষ;
নিরর্থক দাঁড়ি-পৈতা, ডেভিডের স্টার আর জিসাসের ক্রুশ ।
আছে সমাজভর্তি দােপায়ে প্রাণি, যান্ত্রিক সভ্যতার হাতছানি-
তবু দুনির্বার পেরেশানি, অশান্তি, ঝঞ্ঝাট, দুঃখের গ্লানি ।
আছে সব-
তবু যেনো নেই কিছু; তবু অনুসৃত ছায়ার পিছুপিছু !
পড়ে রয় প্রাণ, ছুটে চলে শব
ক্ষ্রিপ্তগতিতে ডিঙ্গিয়ে মহাকাল উঁচুনিচু ।
লেখা: ১১.০৪.২০১৬ নেই কিছু, আছে সব