এই ইসলাম বনাম সেই ইসলাম

রাসূল সা. নবুওয়্যাত পাওয়ার আগেও সমাজের, গোত্রের মানুষগুলো নিয়ে চিন্তা করতেন। আরবের বর্বরতা, অশান্তি, কলহ-বিবাদ, অশান্তি তাঁকে সবসময় চিন্তিত রাখতো। সমাজ-গোত্রের অস্থিরতা তাঁর শৈশব-কৈশোর মনকেও ছাড়েনি। এই অশান্তি-কলহ, অন্ধকারাচ্ছন্ন থেকে কী করে মানুষগুলোকে রক্ষা করা যায়! তিনি গঠন করলেন ‘হিলফুল ফুযুল’, যার শাব্দিক অর্থই ‘কল্যাণের শপথ’। উদ্দেশ্যগতও একই অর্থ। তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বাসী, পরোপকারী। মানুষের কল্যাণ নিয়ে ভাবনার জন্য তিনি হেরা গুহায় ধ্যান করতেন, চিন্তা করতেন। তারপর আল্লাহর পক্ষ থেকে তাঁর কাছে ঐশী বাণী এলো। পরের ঘটনাগুলো আমাদের সবারই জানা।

তিনি ‘হিলফুল ফুযুল’ রাখেননি। কারণ সেটার আর প্রয়োজন ছিলো না। মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য পথ আল্লাহর কাছ থেকে তিনি পেয়েছেন। পরবর্তীতে ইতিহাস থেকে পাই, সেই আরবকেই শুধু নয়, অর্ধপৃথিবীতে তিনি শান্তির পতাকা উড়িয়েছেন।

সেই রাসূল সা. এর উম্মাহ হয়ে আমরা সেই ইসলামকে আজ কেবলই উপাসনা সর্বস্ব করে রেখেছি, ঠিক অন্যান্য ধর্মের ন্যায়। যে ইসলাম প্রাকৃতিক, সমাজ-গোত্র থেকে সর্বত্র কার্যকরি, গতিশীল; সেই ইসলাম আজ যেন ব্যক্তিগত চর্চায় স্থবির হয়ে গেছে।

আজকের পৃথিবীতে ‘আইয়ামে জাহেলিয়ার’ চাইতেও অধিক অশান্তি-অবিচার-দুর্নীতিতে গিজ গিজ করছে; মানুষ মানুষ হয়ে বেঁচে থাকতে পারছে না। এখনো ইসলাম আছে কিন্তু পৃথিবী মানুষগুলো শান্তিতে নেই; চারদিকে আজ আর্তপীড়িত মানুষের হাহাকার – শান্তি চাই, শান্তি চাই – বিক্ষোভ!

এই ইসলাম-ই কি সেই ইসলাম! আমাদের কোথাও তো ভুল হচ্ছে। এটা নিয়ে আমাদের ন্যূনতম মাথাব্যথা নেই, দিন যাচ্ছে, এইতো অনেক! নিজের জন্য জান্নাতের বাড়ি নিশ্চিত করার জন্য ‘ডাউন পেমেন্ট’-সহ EMI তো আমরা দিচ্ছিই!

আল্লাহর সাথে আমাদের এই ব্যবসার পলিসি আমরা নিজেরাই নিজেদের মত বানিয়েছি। অথচ আল্লাহ এই ব্যবসায় অন্য পলিসিরি কথা বলেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন মুমিনের জান-মাল আল্লাহর হাতে সমর্পণ করতে হবে।

মানুষের জন্য অকল্যাণে কল্যাণ, অশান্তিতে শান্তি প্রতিষ্ঠাতেই জান-মাল ব্যবহৃত হয়। আল্লাহ কোন রক্ত-খুলিতে তুষ্ট দেবতা নয় যে, তাঁকে মানুষ বলি দিয়ে তুষ্ট রাখতে হয়। আল্লাহ কোন ধন-সম্পদের কাঙ্গাল নয় যে, তাঁকে ধন-সম্পদ দিয়ে তুষ্ট রাখতে হয়।

আমরা যে সুবিধাবাদী ভন্ড! এটা বুঝতে আল্লাহর কি বাকি আছে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *